বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬,

চাঁদাবাজি ইস্যুতে সড়কমন্ত্রীর বক্তব্য, যা বললেন তাহেরী

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১১:৫১ এএম

চাঁদাবাজি ইস্যুতে সড়কমন্ত্রীর বক্তব্য, যা বললেন তাহেরী

মন্ত্রীর বক্তব্যের সমালোচনা তাহেরীর

পরিবহন খাতে মালিক ও শ্রমিক সংগঠনের নামে অর্থ আদায় নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের সাম্প্রতিক একটি বক্তব্য ঘিরে দেশজুড়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। মন্ত্রীর এই অবস্থানের তীব্র প্রতিবাদ জানিয়ে সেই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী।

বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী শেখ রবিউল আলম পরিবহন খাতে অর্থ আদায় প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করেন। তিনি জানান, মালিক ও শ্রমিক সংগঠনের নামে যে অর্থ তোলা হয়, সেটিকে তিনি চাঁদাবাজি বলে মনে করেন না। 

মন্ত্রীর মতে, চাঁদাবাজি তখনই হয় যখন কাউকে টাকা দিতে বাধ্য করা হয়। কিন্তু মালিক ও শ্রমিকদের কল্যাণে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এবং একটি অলিখিত বিধি মেনে যে অর্থ নেওয়া হয়, তা কোনোভাবেই অপরাধের আওতায় পড়ে না।

মন্ত্রীর এই বক্তব্যের প্রতিক্রিয়ায় মুফতি তাহেরী তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি উল্লেখ করেন, চাঁদাবাজি এক ধরনের জুলুম, তা সমঝোতার ভিত্তিতে হোক কিংবা জোরপূর্বক। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, সরকারের একজন দায়িত্বশীল ব্যক্তির এমন বক্তব্যে সড়কে চাঁদাবাজি আরও উৎসাহিত হতে পারে। জনস্বার্থ ও মানবিকতার খাতিরে এই বক্তব্যটি প্রত্যাহারের জন্য তিনি সরাসরি অনুরোধ জানান।

বিষয়টি নিয়ে পরিবহন বিশেষজ্ঞ ও বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দক্ষিণ মাধবপুর উন্নয়ন পরিষদের সভাপতি আনোয়ার হোসেন বেলাল মনে করেন, শ্রমিক সংগঠনের অনুদানকে সরাসরি চাঁদাবাজি বলা সমীচীন নয়। তবে বর্তমান পরিস্থিতিতে এ ধরনের স্পর্শকাতর বিষয়ে আরও সতর্কতার সঙ্গে এবং ঠান্ডা মাথায় বক্তব্য দেওয়া প্রয়োজন ছিল বলে তিনি মন্তব্য করেন। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিতর্কিত বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে।