মার্চ ৮, ২০২৬, ০২:৪১ পিএম
সারা দেশের মতো পঞ্চগড়েও স্বীকৃতিপ্রাপ্ত সকল সচল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত এমপিওভুক্তির দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। একই সঙ্গে একটি স্মারকলিপি শিক্ষামন্ত্রী বরাবরও পাঠানো হয়। রবিবার দুপুর ১২টার সময় সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাশের হাতে এই স্মারকলিপি দুটি তুলে দেওয়া হয়।
স্মারকলিপি প্রদানকালে শিক্ষক নেতৃবৃন্দ ও সংগঠনের প্রতিনিধিরা জানান, জেলার বিভিন্ন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীরা দীর্ঘ ২০ থেকে ২৫ বছর ধরে কোনো প্রকার বেতন-ভাতা ছাড়াই পাঠদান করে আসছেন।
তারা সরকারি সকল নিয়ম-কানুন মেনে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করলেও বৈষম্যমূলক নীতিমালা এবং বিভিন্ন প্রশাসনিক জটিলতার কারণে এখনও এমপিওভুক্ত হতে পারেননি। দীর্ঘদিন বেতনহীন অবস্থায় দায়িত্ব পালন করতে গিয়ে এসব শিক্ষক ও কর্মচারীরা বর্তমানে চরম আর্থিক ও মানবিক সংকটের সম্মুখীন হয়েছেন।
বিশেষ করে আসন্ন পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে পরিবার-পরিজন নিয়ে দিনাতিপাত করা তাদের জন্য দুঃসাধ্য হয়ে পড়েছে।এ সময় সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক আবু বক্কর মো. এরশাদুল হক বলেন, শিক্ষকদের এই দীর্ঘদিনের বঞ্চনা দূর করা এখন সময়ের দাবি। মানুষ গড়ার কারিগররা যদি বছরের পর বছর বেতনহীন থাকেন, তবে শিক্ষা ব্যবস্থার মান বজায় রাখা কঠিন হয়ে পড়বে। আমরা প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাই, তিনি যেন এই মানবিক বিষয়টি বিবেচনা করে সকল সচল প্রতিষ্ঠানকে দ্রুত এমপিওভুক্তির ঘোষণা দেন।
স্মারকলিপি গ্রহণকালে অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাশ শিক্ষকদের আশ্বস্ত করে বলেন, তাদের দাবি সম্বলিত স্মারকলিপিটি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের উচ্চপর্যায়ে দ্রুত পাঠানো হবে। কর্মসূচিতে পঞ্চগড় জেলা শাখার সভাপতি প্রধান শিক্ষক কফিউল ইসলাম, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক জসিম উদ্দীন খানসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের কয়েকশ শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন। তারা হুশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত তাদের দাবি পূরণ না করা হয়, তবে আগামীতে আরও কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হবেন তারা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন