মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬,

পঞ্চগড়ে নারী দিবসে কর্মকর্তার বিরুদ্ধে কর্মীদের লাঞ্ছিত করার অভিযোগ

আবু সালেহ মোঃ রায়হান

মার্চ ৮, ২০২৬, ০৭:৪২ পিএম

পঞ্চগড়ে নারী দিবসে কর্মকর্তার বিরুদ্ধে কর্মীদের লাঞ্ছিত করার অভিযোগ

কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ :ছবি-দিনাজপুর টিভি

পঞ্চগড়ে আন্তর্জাতিক নারী দিবসের দিনে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক একেএম ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে নিজ কার্যালয়ের নারী কর্মীদের লাঞ্ছিত করার গুরুতর অভিযোগ উঠেছে। এমনকি এক নারী প্রশিক্ষকের গায়ে হাত তোলারও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তরে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগী নারী কর্মীরা জানান, নারী দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে যান জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণার্থী ও কর্মীরা। অনুষ্ঠানে পৌঁছাতে সামান্য দেরি হওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠেন উপপরিচালক একেএম ওয়াহিদুজ্জামান। 

তিনি জেলা প্রশাসক কার্যালয়ের দোতলায় প্রকাশ্যে নারী কর্মীদের গালিগালাজ শুরু করেন এবং একপর্যায়ে প্রশিক্ষক লুনা বেগমের গায়ে হাত তোলেন। এই ঘটনার প্রতিবাদে নারী কর্মীরা নারী দিবসের মূল আলোচনা সভাতেই বিষয়টি উত্থাপন করেন এবং ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ জানান। 

পরবর্তীতে তারা নিজ কার্যালয়ে ফিরে প্রতিবাদ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।ভুক্তভোগী প্রশিক্ষক লুনা বেগম জানান, ওই কর্মকর্তা দীর্ঘদিন ধরেই তাদের সাথে দুর্ব্যবহার করে আসছিলেন, তবে নারী দিবসের দিনে প্রকাশ্যে গায়ে হাত তোলার ঘটনাটি তাদের জন্য চরম অপমানজনক। 

পঞ্চগড়ের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাশ জানিয়েছেন, ভুক্তভোগী নারীদের অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে দ্রুত বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তবে এই অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি অভিযুক্ত কর্মকর্তা একেএম ওয়াহিদুজ্জামান।এদিকে অভিযোগ উঠেছে, বদলির আদেশ হওয়ার তিন মাস পেরিয়ে গেলেও অদৃশ্য ক্ষমতার জোরে এখনো পঞ্চগড়সহ চারটি অফিসের দায়িত্ব দখল করে আছেন এই বিতর্কিত কর্মকর্তা। তার বিরুদ্ধে দাপ্তরিক কেনাকাটা ও আপ্যায়ন বিলে জালিয়াতিরও ব্যাপক অভিযোগ রয়েছে। 

সম্প্রতি অফিসের একটি অনুষ্ঠানে সাধারণ নাস্তা খাইয়ে বিপুল অংকের বিরিয়ানির বিল করা এবং আসবাবপত্র কেনায় দ্বিগুণ বিল দেখানোর মতো অনিয়মে তার নাম জড়িয়েছে। এছাড়া একটি বিতর্কিত ভিডিওতে নিজেকে বিশেষ অলৌকিক ক্ষমতার অধিকারী দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচিত হন তিনি। নারী দিবসের এই ঘটনায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জোরালো হচ্ছে।