রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আটোয়ারীতে ব্যারিস্টার নওশাদ জমিরের উন্নয়ন কাজ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১২, ২০২৬, ০৬:০৭ পিএম

আটোয়ারীতে ব্যারিস্টার নওশাদ জমিরের উন্নয়ন কাজ উদ্বোধন

উন্নয়ন কাজের উদ্বোধন :ছবি-দিনাজপুর টিভি

পঞ্চগড়-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পের শুভ উদ্বোধন করেছেন। গত সোমবার (৯ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে উপস্থিত হয়ে তিনি এসব উন্নয়ন কাজের ফলক উন্মোচন করেন। 

এ সময় তিনি এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং স্থানীয়দের দোয়া ও সহযোগিতা কামনা করেন।উদ্বোধনকালে সংসদ সদস্য জানান, এলাকার মানুষের যাতায়াত সহজ করতে এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘব করতে ধারাবাহিকভাবে উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করা হচ্ছে। 

তিনি ধামোর, তোড়িয়া ও আলোয়াখোয়া ইউনিয়নের প্রায় সাড়ে আট কিলোমিটার দীর্ঘ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন। এই সড়ক উন্নয়ন প্রকল্পের চুক্তিমূল্য ধরা হয়েছে ৯ কোটি ৭৬ লক্ষ টাকা। সংসদ সদস্য আশা প্রকাশ করেন যে, এই সড়কগুলো নির্মিত হলে ওই অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং সাধারণ মানুষের যাতায়াত আরও আধুনিক হবে।

একই দিনে ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির তোড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন এবং তোড়িয়া হাটের নবনির্মিত বহুতল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই প্রকল্প দুটির সম্মিলিত চুক্তিমূল্য ২ কোটি ৫৭ লক্ষ টাকা। শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং স্থানীয় ব্যবসায়ীদের সুবিধার্থে এই ভবনগুলো নির্মাণ করা হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং মনে করছেন এর ফলে এলাকার গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান, আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার রিপামণি দেবী এবং উপজেলা প্রকৌশলী মো. ফয়সাল। এছাড়াও উপস্থিত ছিলেন আটোয়ারী উপজেলা বিএনপির সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ), সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল এবং আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. মতিয়ার রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধন শেষে সংসদ সদস্য উন্নয়ন কাজগুলো গুণগত মান বজায় রেখে দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।