মার্চ ১৯, ২০২৬, ০২:৪১ পিএম
দেশে বিদ্যুৎ সাশ্রয় এবং জ্বালানির দক্ষ ব্যবহার নিশ্চিত করতে সরকারি দপ্তরগুলোর জন্য নতুন একগুচ্ছ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা পিডিবি। ‘বিদ্যুৎ সাশ্রয়ের অঙ্গীকার, আলোকিত হোক সকল পরিবার’ প্রতিপাদ্যে প্রকাশিত এই নির্দেশনায় প্রচলিত বৈদ্যুতিক সরঞ্জামের পরিবর্তে আধুনিক ও সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
পিডিবি জানিয়েছে যে বিদ্যুৎ ব্যবহারে দক্ষতা বাড়ানো এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসার ঘটানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। নতুন নির্দেশনা অনুযায়ী সিএফএল লাইটের পরিবর্তে এখন থেকে এলইডি লাইট ব্যবহারের ওপর জোর দিতে হবে যা কম বিদ্যুৎ খরচে অধিক আলো দিতে সক্ষম।
নির্দেশনায় আরও বলা হয়েছে যে সিঁড়ি, করিডোর ও ওয়াশরুমের মতো সাধারণ স্থানগুলোতে মোশন সেন্সরভিত্তিক লাইট ব্যবহার করতে হবে যাতে অপ্রয়োজনীয় বিদ্যুৎ অপচয় কমানো সম্ভব হয়। এছাড়া ভবনগুলোতে প্রাকৃতিক আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা এবং নিয়মিত লাইট পরিষ্কার রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসি ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কক্ষের দরজা-জানালা বন্ধ রাখা এবং এসির ফিল্টার নিয়মিত পরিষ্কার করার কথা বলা হয়েছে। জ্বালানি সাশ্রয়ে ইনভার্টার প্রযুক্তির এসি, ফ্রিজ এবং বিএলডিসি ফ্যান ব্যবহারের ওপরও পিডিবি বিশেষ গুরুত্বারোপ করেছে।ব্যক্তিগত ইলেকট্রনিক যন্ত্রপাতির ক্ষেত্রে কম্পিউটার ও ল্যাপটপ ‘পাওয়ার সেভিং মোডে’ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া ব্যক্তিগত প্রিন্টার বা স্ক্যানারের পরিবর্তে কেন্দ্রীয় নেটওয়ার্কভিত্তিক যন্ত্রপাতি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে প্রতিটি অফিস ভবনের ছাদ বা খালি জায়গায় সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিতে বলা হয়েছে। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী মোট বিদ্যুৎ চাহিদার অন্তত ৩ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে সরবরাহ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পিডিবি মনে করছে যে এই নির্দেশনাগুলো সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে দেশের মূল্যবান জ্বালানিসম্পদ সংরক্ষণ এবং বিদ্যুৎ খাতে বড় ধরনের সাশ্রয় নিশ্চিত করা সম্ভব হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন