রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

টেরিবাজারে অগ্নিকাণ্ড: ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে ২ জনের মৃত্যু

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ১৯, ২০২৬, ০৩:০১ পিএম

টেরিবাজারে অগ্নিকাণ্ড: ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে ২ জনের মৃত্যু

দুর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিস

চট্টগ্রামের বাণিজ্যিক এলাকা টেরিবাজারে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে কোতোয়ালি থানার টেরিবাজার এলাকায় অবস্থিত কে বি অর্কিড প্লাজার চতুর্থ তলায় এই আগুনের সূত্রপাত হয়। নিহতরা হলেন পটিয়া উপজেলার বুধপুরা এলাকার বাসিন্দা মোহাম্মদ ইউনুস এবং একই উপজেলার পাঁচরিয়া এলাকার মামুনুল কাদেরের ছেলে সোলাইমান। 

এই ঘটনায় মোহাম্মদ মামুন নামে আরও একজন গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহতদের শরীরে আগুনের ক্ষত না থাকলেও ঘন ধোঁয়ায় তারা অক্সিজেন সংকটে পড়েছিলেন।

প্রত্যক্ষদর্শী ও মার্কেট সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সকাল সাড়ে নয়টার দিকে চতুর্থ তলার একটি দোকান থেকে হঠাৎ আগুনের ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই সেই ধোঁয়া পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে। ভবনের অনেক ব্যবসায়ী ও ক্রেতা দ্রুত নিচে নেমে আসতে সক্ষম হলেও ইউনুস ও সোলাইমান ধোঁয়ার কুণ্ডলীতে আটকা পড়েন।

 খবর পেয়ে নন্দনকানন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় এক ঘণ্টার নিরলস প্রচেষ্টায় বেলা পৌনে এগারোটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর ভবনের ভেতর থেকে অবচেতন অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রাথমিক তদন্ত অনুযায়ী, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

এই অগ্নিকাণ্ডে মার্কেটের বেশ কিছু দোকান ও গুদাম ভস্মীভূত হয়েছে যার প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি ২০ লাখ টাকা বলে দাবি করেছে কর্তৃপক্ষ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঈদকে কেন্দ্র করে ব্যস্ততম এই বাণিজ্যিক এলাকায় এমন দুর্ঘটনার ফলে সাধারণ ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বহুতল বাণিজ্যিক ভবনের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার তাগিদ দেওয়া হয়েছে।