মার্চ ২৮, ২০২৬, ১২:২৭ পিএম
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মো. দবির উদ্দীন আর নেই। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৬টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ২ পুত্র, ৩ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
প্রবীণ এই মুক্তিযোদ্ধার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।মরহুমের রাষ্ট্রীয় সম্মাননা ও জানাজার নামাজ বৃহস্পতিবার বিকেলে সোনাপাতিলা এলাকার কোটগজ বাজার সংলগ্ন খোলামাঠে অনুষ্ঠিত হয়।
এ সময় রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী। আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মটিয়ার রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মরহুমকে রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে গার্ড অব অনার প্রদান করেন।
এর আগে বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের মরদেহ জাতীয় পতাকায় ঢেকে দেওয়া হয় এবং রাষ্ট্র ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানানো হয়।জানাজা শেষে তাকে তার নিজ গ্রাম সোনাপাটিলার পারিবারিক কবরস্থানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
উল্লেখ্য যে, বীর মুক্তিযোদ্ধা মো. দবির উদ্দীনের লাল মুক্তিবার্তা নম্বর ০৩০৯০৩০৩০৪ এবং গেজেট নম্বর ৮৯১। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ উপস্থিত হয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। তার মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন