মার্চ ২৯, ২০২৬, ০৪:০৭ পিএম
গাইবান্ধা সদর উপজেলার পুলিশ লাইন এলাকায় একটি ফিলিং স্টেশনে এক যুবকের অভিনব কায়দায় জ্বালানি তেল সংগ্রহের দৃশ্য স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও হাস্যরসের সৃষ্টি করেছে। রোববার সকালে বাচ্চু মিয়া নামে ওই যুবককে দেখা যায় তার মোটরসাইকেলের তেলের ট্যাংকটি খুলে বাইসাইকেলের ওপর বসিয়ে পেট্রোল পাম্পে নিয়ে আসতে।
সচরাচর মানুষ ড্রাম বা বোতলে করে তেল সংগ্রহ করলেও এভাবে সরাসরি ট্যাংক খুলে নিয়ে আসার ঘটনা সচরাচর দেখা যায় না। প্রত্যক্ষদর্শীরা বিষয়টিকে বুদ্ধিদীপ্ত ও ভিন্নধর্মী উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে ওই যুবকের মোটরসাইকেলের তেল হঠাৎ শেষ হয়ে যাওয়ায় তিনি বিপাকে পড়েন। পাম্পটি তার অবস্থান থেকে বেশ দূরে হওয়ায় এবং ভারী মোটরসাইকেল ঠেলে নিয়ে যাওয়া কষ্টসাধ্য মনে করে তিনি বিকল্প পথ বেছে নেন।
ঘরোয়া যন্ত্রপাতি দিয়ে দ্রুত মোটরবাইকের তেলের ট্যাংকটি আলাদা করেন এবং সেটি বাইসাইকেলের ফ্রেমের ওপর শক্ত করে বসিয়ে হাছনা ফিলিং স্টেশনে পৌঁছান। সেখানে উপস্থিত সাধারণ মানুষ ও পাম্পের কর্মচারীরা প্রথমে অবাক হলেও পরে পুরো বিষয়টি বুঝতে পেরে মজা পান।ফিলিং স্টেশন এলাকায় উপস্থিত থাকা পথচারীরা এই দৃশ্যের ছবি ও ভিডিও ধারণ করেন যা মুহূর্তেই স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে।
অনেকে মন্তব্য করেছেন যে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা না থাকলেও সাধারণ মানুষ কীভাবে নিজের বুদ্ধিতে সমস্যার সমাধান করে তা এই ঘটনা থেকেই স্পষ্ট। তেল সংগ্রহের পর বাচ্চু মিয়া পুনরায় একইভাবে সাইকেলে করে ট্যাংকটি বাড়িতে নিয়ে যান এবং মোটরসাইকেলে সংযুক্ত করেন। স্থানীয় বাসিন্দারা রসিকতা করে বলছেন যে মানুষের তেলের মজুদ শেষ হতে পারে কিন্তু উদ্ভাবনী চিন্তার কোনো শেষ নেই। দিনভর এই বিষয়টি নিয়ে ওই এলাকায় সরস আলোচনা চলতে দেখা গেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন