সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

উত্তরবঙ্গের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ শুরু

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ২৯, ২০২৬, ০৭:৪৪ পিএম

উত্তরবঙ্গের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ শুরু

তেল সরবরাহ শুরু

পার্বতীপুরে প্রশাসনের পক্ষ থেকে আটক শ্রমিকদের মুক্তির আশ্বাসের পরিপ্রেক্ষিতে দীর্ঘ ১০ ঘণ্টা পর রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন তাদের অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে। রোববার সন্ধ্যা ৬টার দিকে শ্রমিক নেতৃবৃন্দ এই ঘোষণা দেন। এর ফলে উত্তরবঙ্গের ৮ জেলায় পুনরায় জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে। 

এর আগে রোববার সকাল ৮টা থেকে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখে শ্রমিকরা আন্দোলনে নামে। যার ফলে রংপুর বিভাগের একটি বড় অংশে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছিল।

জ্বালানি তেল পরিবহনের কাজে নিয়োজিত ট্যাংকলরির চালকসহ তিন শ্রমিককে ভ্রাম্যমাণ আদালত জেল ও জরিমানা করার প্রতিবাদে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। শ্রমিকদের এই আন্দোলনের সঙ্গে দিনাজপুর জেলা পেট্রোল পাম্প মালিক সমিতিও একাত্মতা ঘোষণা করে। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিকেলে পার্বতীপুর উপজেলা প্রশাসনের সঙ্গে শ্রমিক নেতৃবৃন্দের এক ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হুসাইন রাজু এবং পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল ওয়াদুদ উপস্থিত ছিলেন।আলোচনা সভায় প্রশাসন শ্রমিকদের দাবিগুলো বিবেচনার আশ্বাস দিলে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান আতু ও সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশাসনের ইতিবাচক প্রতিশ্রুতিতে তারা কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। সন্ধ্যা থেকেই ডিপো থেকে তেলবাহী লরিগুলো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যেতে শুরু করেছে। এতে উত্তরবঙ্গের সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।