রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

জ্বালানি তেল মজুদের দায়ে ব্যবসায়ীর জেল-জরিমানা

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ৩, ২০২৬, ০৯:৪৪ পিএম

জ্বালানি তেল মজুদের দায়ে ব্যবসায়ীর জেল-জরিমানা

ছবি-দিনাজপুর টিভি

পঞ্চগড়ের আটোয়ারীতে জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং উচ্চমূল্যে গোপনে বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার গভীর রাতে উপজেলার বড়দাপ এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় প্রায় ২ হাজার লিটার অকটেন জব্দ করার পাশাপাশি এক ক্রেতাকেও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার বড়দাপ পল্লীবিদ্যুৎ মোড় সংলগ্ন আরিফ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আরিফ হোসেন দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে আসছিলেন। 

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপামনি দেবী আটোয়ারী থানার ওসি মো. মতিয়ার রহমান ও পুলিশ ফোর্সসহ সেখানে অভিযান চালান। অভিযানকালে উচ্চমূল্যে অকটেন বিক্রির সময় বিক্রেতা আরিফ হোসেন এবং ক্রেতা মোকসেদ আলীকে হাতেনাতে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের রায়ে আরিফ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আরিফ হোসেনকে বাংলাদেশ পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ২০(১)(ক) ধারা মোতাবেক ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একইসাথে অবৈধভাবে জ্বালানি কেনার অপরাধে সুখ্যাতি গ্রামের ক্রেতা মোকসেদ আলীকে ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানস্থলে মজুদ রাখা ১৯৮০ লিটার অকটেন তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।

জব্দকৃত অকটেন সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার জানান যে জনস্বার্থে এসব তেল পরদিন শনিবার ন্যায্যমূল্যে প্রকাশ্যে সাধারণ মানুষের কাছে বিক্রি করা হবে। তিনি আরও বলেন সাধারণ মানুষের জ্বালানি সংক্রান্ত দুর্ভোগ লাঘবের জন্য উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কিছু অসাধু ব্যবসায়ী বাজারে কৃত্রিম সংকট তৈরি করার অপচেষ্টা করছে যা কোনোভাবেই বরদাশত করা হবে না।

ইউএনও রিপামনি দেবী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন যে এবার সতর্কতামূলক সংক্ষিপ্ত সাজা দেওয়া হলেও ভবিষ্যতে একই অপরাধের পুনরাবৃত্তি ঘটলে আরও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। অসাধু ব্যবসায়ীদের এমন কর্মকাণ্ড নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে তিনি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, এ ধরণের অভিযান সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে আনতে সহায়ক হবে।