রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

অবৈধভাবে মজুদ করা ১০০ লিটার তেল জব্দ করল ভ্রাম্যমাণ আদালত

আবু সালেহ মোঃ রায়হান

এপ্রিল ১২, ২০২৬, ০৯:৩৫ পিএম

অবৈধভাবে মজুদ করা ১০০ লিটার তেল জব্দ করল ভ্রাম্যমাণ আদালত

পঞ্চগড়ে ১০০ লিটার ডিজেল জব্দ ছবি-দিনাজপুর টিভি

পঞ্চগড়ের বোদা উপজেলায় অবৈধভাবে তেল মজুদের দায়ে এক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে উপজেলার তেপুকুরিয়া বাজার এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে একটি বসতবাড়ি থেকে প্রায় ১০০ লিটার ডিজেল জব্দ করা হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আলীর নেতৃত্বে এই ঝটিকা অভিযান পরিচালিত হয়। 

অভিযান চলাকালে বেংহারি বনগ্রাম ইউনিয়নের তেপুকুরিয়া বাজার সংলগ্ন মোহাম্মদ কামরুল ইসলামের বাসায় তল্লাশি চালানো হয়। সেখানে মজুদ করে রাখা ড্রামভর্তি বিপুল পরিমাণ ডিজেল উদ্ধার করেন ভ্রাম্যমাণ আদালত। 

বৈধ কোনো অনুমোদন ছাড়াই বসতবাড়িতে জ্বালানি তেল মজুদ রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী অভিযুক্ত কামরুল ইসলামকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আলী এ বিষয়ে গণমাধ্যমকে জানান, বাজারে জ্বালানি তেলের কোনো প্রকৃত সংকট নেই। তবে কিছু অসাধু লোক অতিরিক্ত মুনাফা লাভের আশায় অবৈধভাবে তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা চালাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে পেট্রোল পাম্পসহ অনুমোদিত তেল বিক্রয়ের পয়েন্টগুলো নিয়মিত তদারকি করা হচ্ছে। কোনো ধরনের অনিয়ম বা ব্যত্যয়ের খবর পাওয়ার সাথে সাথেই তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব ও বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এবং তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এই তদারকি কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন। অভিযানে প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা প্রদান করেন।