এপ্রিল ২৪, ২০২৬, ০৬:৪৮ পিএম
চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মাওলানা আমিরুল ইসলাম ফারুকী নামে এক হাফেজ নিহত হয়েছেন। শুক্রবার বিকেল ৩টার দিকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের ওয়্যারলেস এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আমিরুল ইসলাম উপজেলার মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ এলাকার মরহুম হাফেজ মাওলানা আবু জাফর ফারুকীর সন্তান। তিনি পেশায় একজন শিক্ষক ছিলেন।
হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, হাফেজ মাওলানা আমিরুল ইসলাম শুক্রবার দুপুরে উপজেলার বারইয়ারহাট মেহেদীনগর এলাকা থেকে জুমার নামাজ শেষ করেন। এরপর তিনি মোটরসাইকেলে করে মাদ্রাসার জরুরি কাজে মিরসরাইয়ের দিকে যাচ্ছিলেন।
পথিমধ্যে মহাসড়কের ওয়্যারলেস এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী অজ্ঞাত গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার ওপর আছড়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের পারিবারিক সূত্র জানায়, আমিরুল ইসলাম মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ ফারুকীয়া হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজন মো. সজিব জানান, আগামীকাল শনিবার সকাল ১০টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মিরসরাই ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরবর্তীতে আইনি প্রক্রিয়ার জন্য মরদেহটি হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. শরিফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অজ্ঞাত গাড়ির ধাক্কায় আমিরুল ইসলাম নামে ওই ব্যক্তি প্রাণ হারিয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘাতক গাড়িটি শনাক্ত করা সম্ভব হয়নি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন