এপ্রিল ২৪, ২০২৬, ১১:১৩ পিএম
বগুড়ায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে চলমান এসএসসি পরীক্ষায় এক রাজনৈতিক নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে ধরা পড়েছেন এক কলেজছাত্রী। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে বগুড়া জিলা স্কুল কেন্দ্রে পরীক্ষা চলাকালে কক্ষ পরিদর্শকের হাতে নাতে ধরা পড়েন তিনি। এই চাঞ্চল্যকর ঘটনার পর অভিযুক্ত ছাত্রীকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
আটককৃত শিক্ষার্থীর নাম ঈশিতা আক্তার তিশা (১৮)। তিনি বগুড়ার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সরকারি আজিজুল হক কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী এবং শহরের চকসূত্রাপুর এলাকার বাসিন্দা। অন্যদিকে, যার হয়ে তিনি পরীক্ষা দিচ্ছিলেন, সেই পরীক্ষার্থীর নাম নিপা খাতুন। নিপা বগুড়া শহর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রাজনীতিতে সক্রিয়।
কেন্দ্র সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ২টা থেকে বাউবির অধীনে এসএসসি (দ্বিতীয় বর্ষ) প্রোগ্রামের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা শুরু হয়। জিলা স্কুল কেন্দ্রের ২০১ নম্বর কক্ষে পরীক্ষার্থী হিসেবে নিবন্ধিত ছিলেন নিপা খাতুন।
কিন্তু তার পরিবর্তে পরীক্ষায় অংশ নিতে আসেন তিশা। পরীক্ষা চলাকালে কক্ষ পরিদর্শক নিয়মিত পর্যবেক্ষণের অংশ হিসেবে প্রবেশপত্রের ছবির সঙ্গে পরীক্ষার্থীর চেহারা মিলিয়ে দেখতে গেলে অসঙ্গতি ধরা পড়ে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তরুণী ঘাবড়ে গেলেও পরে তিনি স্বীকার করেন যে তিনি নিপা খাতুনের হয়ে পরীক্ষা দিচ্ছেন।বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, আটক শিক্ষার্থী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিশা জানিয়েছেন যে, নিপা খাতুন তার সম্পর্কে খালা হন।
সেই আত্মীয়তার সম্পর্কের আবদার মেটাতেই তিনি এই অন্যায় কাজে লিপ্ত হয়েছিলেন। ঘটনার পর কেন্দ্র কর্তৃপক্ষ তাকে পুলিশের কাছে হস্তান্তর করে।পুলিশ আরও জানিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বা সংশ্লিষ্ট পরীক্ষা কর্তৃপক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত মহিলাদল নেত্রী নিপা খাতুনের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া গেছে। এদিকে একজন কলেজছাত্রীর এভাবে অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ার ঘটনায় শহরের সচেতন মহলে ব্যাপক সমালোচনা ও আলোচনার সৃষ্টি হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন