রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

চা বাগানে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু, আহত ২

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ২৬, ২০২৬, ১১:২৫ এএম

চা বাগানে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু, আহত ২

বজ্রপাতে চা শ্রমিকের মৃত্যু

পঞ্চগড়ের আটোয়ারীতে চা বাগানে কাজ করার সময় বজ্রপাতে সারওয়ারদ্দী নামের এক তরুণ চা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুইজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

নিহত সারওয়ারদ্দী (২১) ওই এলাকার আবু সামাদের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার ভোর ৬টার দিকে সারওয়ারদ্দীসহ কয়েকজন শ্রমিক গ্রামের একটি চা বাগানে পাতা সংগ্রহের কাজে যান। 

সকাল সাড়ে ৭টার দিকে কাজ করার সময় হঠাৎ তীব্র বজ্রপাত হলে ঘটনাস্থলেই সারওয়ারদ্দীসহ তিনজন আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সারওয়ারদ্দী প্রাণ হারান।

আহতরা হলেন একই এলাকার বাসিন্দা মোস্তফা (৪৫) এবং জাহেরুল ইসলাম (৪৩)। বর্তমানে তারা পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ধামোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের মো. দুলাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বৃষ্টির সময় বাগানে কাজ করতে গিয়েই এই হতাহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। সংশ্লিষ্ট প্রশাসনকে বিষয়টি ইতোমধ্যে অবহিত করা হয়েছে।