রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

রংপুরে মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ২৬, ২০২৬, ১০:৪৬ পিএম

রংপুরে মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা

মোমবাতির আলোয় পরীক্ষা

রংপুরের মিঠাপুকুরে বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরীক্ষা দিতে হয়েছে অন্তত ৮৫৪ জন শিক্ষার্থীকে। রোববার ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালীন উপজেলার পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এই নজিরবিহীন ঘটনা ঘটে। সকাল থেকে চলা ঝড়-বৃষ্টির কারণে ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় কর্তৃপক্ষ এই বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হয়।

প্রত্যক্ষদর্শী ও কেন্দ্র সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকাল থেকেই ওই কেন্দ্রটিতে কোনো বিদ্যুৎ ছিল না। আকাশ মেঘলা থাকার কারণে কক্ষগুলোতে প্রয়োজনীয় প্রাকৃতিক আলো না থাকায় শিক্ষার্থীদের পক্ষে প্রশ্নপত্র পড়া ও উত্তরপত্রে লেখা প্রায় অসম্ভব হয়ে পড়ে। 

এমন পরিস্থিতিতে কেন্দ্রের ১৭টি কক্ষে ৮৫৪ জন পরীক্ষার্থীর জন্য মোমবাতির ব্যবস্থা করা হয়। মোমবাতির মৃদু আলোয় শিক্ষার্থীরা তাদের পরীক্ষা সম্পন্ন করে।

এই ঘটনার জন্য কেন্দ্র কর্তৃপক্ষ এবং বিদ্যুৎ বিভাগ একে অপরের ওপর দায় চাপিয়েছে। কেন্দ্রের সচিব ও অধ্যক্ষ মাহেদুল আলম অভিযোগ করেন, পরীক্ষা শুরুর আগেই তিনি বিষয়টি বিদ্যুৎ অফিসে একাধিকবার জানিয়েছিলেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও কোনো কার্যকরী সমাধান পাওয়া যায়নি। ফলে শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে প্রতিকূল পরিবেশের মধ্যেই পরীক্ষা চালিয়ে নেওয়া হয়।

অন্যদিকে, রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ব্যবস্থাপক মোহাম্মদ আশরাফ উদ্দিন খান জানিয়েছেন, বলদিপুকুর সাবস্টেশনের আওতাধীন রংপুর গ্রিডের একটি লাইন পুড়ে যাওয়ায় ওই অঞ্চলে সরবরাহ বন্ধ ছিল। যান্ত্রিক ত্রুটি মেরামতের কাজ চলায় বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়নি। তবে মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ দাবি করেছেন, কেন্দ্রসচিব তাকে আগে থেকে কিছুই জানাননি। 

তিনি মনে করেন, এখানে কেন্দ্রসচিবের দায়িত্ব পালনে ঘাটতি ছিল। বিদ্যুৎহীন পরিবেশে দীর্ঘ সময় পরীক্ষা দেওয়ায় শিক্ষার্থীদের মনোযোগ ব্যাহত হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। তারা ভবিষ্যতে এমন গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষার কেন্দ্রে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।