এপ্রিল ২৮, ২০২৬, ০৮:৪১ পিএম
টাঙ্গাইলের ভূঞাপুরে এক মানসিক ভারসাম্যহীন তরুণীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের পর তাকে হাত-পা বেঁধে ধানক্ষেতে ফেলে রাখা হয়। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে স্থানীয়রা ওই তরুণীকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন।
জিগাতলা গ্রামের বাসিন্দা ওই তরুণীর পরিবার ও স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যার পর তিনি বাড়ি থেকে বের হন। প্রতিদিনের মতো তিনি সড়কেই চলাফেরা করছিলেন। তবে বৃষ্টির কারণে পরিবারের সদস্যরা ভেবেছিলেন তিনি নিজ কক্ষেই আছেন। এ কারণে বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল।
মঙ্গলবার সকালে রাউতবাড়ি এলাকায় এক নারী গাছের ডালপালা কুড়াতে গিয়ে ধানক্ষেতে হাত-পা বাঁধা অবস্থায় ওই তরুণীকে দেখতে পান। স্থানীয়দের ধারণা, রাতভর নির্যাতনের পর দুষ্কৃতকারীরা তাকে সেখানে ফেলে যায়।
পরে বাড়ি থেকে কাপড় এনে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। উদ্ধারের পর ভুক্তভোগী তরুণী মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছেন।তরুণীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মেয়েটি জন্ম থেকেই মানসিক ভারসাম্যহীন। এই ঘটনার সঙ্গে মাদকসেবীরা জড়িত থাকতে পারে বলে তারা সন্দেহ করছেন। অপরাধীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তার পরিবার।
এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান জানান, খবর পাওয়ার পর তরুণীকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন