শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, আহত অন্তত ১০

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ৩০, ২০২৬, ১১:৩৪ এএম

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, আহত অন্তত ১০

ঝালকাঠির নলছিটি উপজেলায় ৩৫ জন যাত্রী নিয়ে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার দপদপিয়া চৌমাথা এলাকায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে বাসে থাকা অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী ‘আব্দুল্লাহ পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে অন্তত ১০ জন বিভিন্নভাবে আঘাত পান। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে উদ্ধারকাজ শুরু করেন।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসার পর বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

দুর্ঘটনার কারণ সম্পর্কে স্থানীয়রা জানান, বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল হয়ে ছিল। বাসটি অতিরিক্ত গতিতে দপদপিয়া চৌমাথা মোড় অতিক্রম করার সময় ব্রেক করলে চাকা পিছলে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং দুর্ঘটনাটি ঘটে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে এবং দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের প্রক্রিয়া চলছে।