মে ৫, ২০২৬, ১২:০৭ পিএম
পঞ্চগড়ের বোদা উপজেলায় চলন্ত যাত্রীবাহী বাস থেকে পড়ে গিয়ে চাকার নিচে পিষ্ট হয়ে শান্ত (৩৮) নামে এক চালকের সহকারী নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) সকাল ৯টার দিকে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের বোদা পৌরসভার বাইপাস মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শান্ত ঠাকুরগাঁও জেলার কাঁঠালডাঙ্গী হরিপুর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি ‘সামিম গেটলক’ নামে একটি যাত্রীবাহী বাসে চালকের সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চগড় থেকে ছেড়ে আসা সামিম গেটলক বাসটি বোদা বাইপাস মোড়ের কাছাকাছি পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক যাত্রী বাসে ওঠার জন্য সংকেত দেন। যাত্রীকে তুলতে চালক দ্রুত ব্রেক চাপলে যান্ত্রিক ত্রুটির কারণে ব্রেকটি জ্যাম হয়ে যায়।
এতে বাসটি আকস্মিক ঝাঁকুনি খেলে গেটে দাঁড়িয়ে থাকা সহকারী শান্ত নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যান। মুহূর্তের মধ্যেই চলন্ত বাসের পেছনের চাকা তার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।খবর পেয়ে বোদা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যানবাহন চলাচল ব্যাহত হলেও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন