মে ১১, ২০২৬, ০৩:৪২ পিএম
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিজ বাড়ির সামনে গুলিবিদ্ধ হয়েছেন এক যুবক। রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের আইয়ুবপুর গ্রামের ছাদু নেতার বাড়ির সামনে এই ঘটনা ঘটে।গুলিবিদ্ধ মাইনুল ইসলাম ওরফে মাহিন (২৪) আইয়ুবপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। স্থানীয় জামায়াত নেতারা তাকে দলের সক্রিয় কর্মী হিসেবে দাবি করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মাহিন তার বাড়ির সামনে বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় দুটি সিএনজিচালিত অটোরিকশায় আসা ৪-৫ জন মুখোশধারী ব্যক্তি টর্চলাইট জ্বালিয়ে তাকে লক্ষ্য করে গুলি চালায়। প্রথম গুলিটি তার ডান পায়ের হাঁটুতে লাগলে তিনি মাটিতে পড়ে যান।
এরপর একই স্থানে আরও একটি গুলি করে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যায়। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে সোমবার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
উপজেলা জামায়াতের সেক্রেটারি আবদুর রহিম সোমবার দুপুরে জানান, রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই হামলা ঘটতে পারে বলে তারা ধারণা করছেন। জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন ও উপজেলা আমির মাওলানা আবু জায়েদ এই ঘটনাকে বেগমগঞ্জের পশ্চিমাঞ্চলকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন। তারা অবিলম্বে দোষী ব্যক্তিদের গ্রেপ্তারে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে জোর দাবি জানান।
বেগমগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. হাবীবুর রহমান জানান, পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে একটি খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে। তবে আহত যুবকের রাজনৈতিক পরিচয় নিয়ে ভিন্ন তথ্য দিয়েছে পুলিশ। ওসি জানান, স্থানীয়দের সাথে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে, ওই যুবক সরাসরি কোনো দলের সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত নন।
হামলাকারীদের শনাক্ত করতে পুলিশ সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ এবং হামলাকারীদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন