মে ১১, ২০২৬, ০৮:২৮ পিএম
ওসমান হাদি হত্যার বিচার না হলে জুলাই পরাজিত হবে বলে মন্তব্য করেছেন তার বোন মাসুমা হাদি। সোমবার বেলা ১১টায় ঝালকাঠির নলছিটিতে শহীদ শরীফ ওসমান হাদির স্মৃতি মঞ্চের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
শহরের কুড়িপট্টি এলাকায় ওসমান হাদির শৈশবের টিনের ঘরে এই স্মৃতি মঞ্চের কার্যালয় উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে হাদি হত্যার বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ সেলিম তালুকদার চত্বরে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে মাসুমা হাদি অভিযোগ করেন, দীর্ঘদিন পেরিয়ে গেলেও ভাই হত্যার সুষ্ঠু বিচার না পাওয়ায় তাদের পরিবার চরম হতাশায় রয়েছে। তিনি বলেন, হাদি হত্যার বিচার না হওয়া মানে জুলাইয়ের পরাজয়। এই হত্যার বিচার নিশ্চিত না হলে জুলাই আন্দোলনের চেতনা ব্যর্থ হয়ে যাবে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা সরকার ও প্রশাসনের নীরবতায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা ভারত থেকে অভিযুক্তদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। সমাবেশে শহীদ ওসমান হাদির স্মরণে বিভিন্ন স্মৃতিচারণ করা হয়।
এই বিক্ষোভ কর্মসূচিতে নলছিটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, জুলাই আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। প্রতিবাদী এই জমায়েত থেকে দ্রুত সময়ের মধ্যে আইনি প্রক্রিয়া ত্বরান্বিত করার আলটিমেটাম দেওয়া হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন