মে ১৩, ২০২৬, ১০:০১ এএম
জরুরি মেরামত, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ বুধবার (১৩ মে) সিলেটের ১৭ এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী মো. শামছ-ই-আরেফিন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর আওতাধীন ১১ কেভি পুলিশ লাইন ফিডারের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। মূলত বিদ্যুৎ লাইনের নিয়মিত সংস্কার ও রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সেগুলো হলো— বলদি, তেতুরতল, লতিপুর, বানেশ্বরপুর, পিরিজপুর, চন্ডিপুল, দারোগাবাড়ি, সুনামপুর, লালারচক, খিদিরপুর, আহমেদপুর, বাইপাস রোড, বঙ্গবীর রোড, লাউয়াই, তেলিবাজার, তেতলি ও অতিরবাড়ীসহ আশপাশের এলাকা।
সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী মো. শামছ-ই-আরেফিন জানান, নির্ধারিত সময়ের আগে যদি রক্ষণাবেক্ষণের কাজ শেষ হয়ে যায়, তবে সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে উন্নয়নমূলক এই কাজে এলাকাবাসীর সহযোগিতাও কামনা করা হয়েছে। সংশ্লিষ্ট ফিডারের আওতাভুক্ত গ্রাহকদের আগেভাগেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বলে জানানো হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন