মে ১৩, ২০২৬, ১০:০৮ পিএম
সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের বালিয়াড়ি মাটি এক সময় চাষাবাদের জন্য প্রতিকূল বিবেচনা করা হলেও এখন তা ফল ও ফসল আবাদে নতুন আশীর্বাদ হিসেবে দেখা দিয়েছে। গত দুই যুগে সমতলের চা চাষের পর এই জেলায় এখন বাণিজ্যিকভাবে আঙ্গুর আবাদে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের তালমা এলাকাসহ জেলার কয়েকটি স্থানে ইতিমধ্যে দৃষ্টিনন্দন আঙ্গুর বাগান গড়ে উঠেছে।
সবুজ পাতার ফাঁকে ঝুলে থাকা বিদেশি জাতের আঙ্গুর দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকার মানুষ ভিড় করছেন। স্থানীয় কৃষকদের এই উদ্যোগ ও কৃষি বিভাগের কারিগরি পরামর্শে উদ্যোক্তারা এখন আশার আলো দেখছেন। অনেকে আবার বাড়ির ছাদ এবং আঙিনাতেও আঙ্গুর চাষে আগ্রহী হয়ে উঠছেন।
উপজেলার তালমা এলাকার প্রধানপাড়া গ্রামের মনিরুজ্জামান সুমন শুরুতে শখের বশে অল্প কিছু আঙ্গুর গাছ রোপণ করেছিলেন। পরে এই মাটির উপযোগিতা বুঝতে পেরে তিনি প্রায় ৫০ শতক জমিতে বাণিজ্যিকভাবে বাগান শুরু করেন। তার লাগানো ৪শটি গাছের বয়স মাত্র ১১ মাস হলেও ইতিমধ্যে অধিকাংশ গাছে ভালো ফলন এসেছে। বাজারে আঙ্গুরের ব্যাপক চাহিদা থাকায় লাভের সম্ভাবনাও অনেক ভালো বলে জানান এই উদ্যোক্তা।
বাগানের কেয়ারটেকার মো. মিরাজ ইসলাম জানান, বর্তমানে তাদের বাগানে তিনটি ভিন্ন জাতের আঙ্গুর রয়েছে। উৎপাদিত ফলগুলো বেশ মিষ্টি ও সুস্বাদু হওয়ায় দর্শনার্থীরা এর স্বাদ ও মানের প্রশংসা করছেন। বাগান থেকে চারা উৎপাদন করে বিক্রির কাজও শুরু হয়েছে। আরেক কৃষক আব্দুর রফিক বলেন, আগে ধারণা ছিল আঙ্গুর শুধু বিদেশেই হয়, কিন্তু এখন নিজের জমিতে আঙ্গুর ফলাতে পেরে তারা অত্যন্ত আনন্দিত।
অন্যদিকে পঞ্চগড় পৌর এলাকার রাজনগর মহল্লার তরুণ কৃষি উদ্যোক্তা ও কলেজছাত্র আল ফারুক সবুজ নিজ বাড়ির ছাদে ১৮ থেকে ২০টি জাতের ৩৬টি আঙ্গুর চারা রোপণ করে তাক লাগিয়ে দিয়েছেন। কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই ইন্টারনেটের সহায়তায় তিনি এই বাগান গড়ে তুলেছেন। সবুজ জানান, প্রথমে লাগানো চারাটি টক হলেও পরে উন্নত জাতের চারা সংগ্রহ করে তিনি সফল হয়েছেন। তার লক্ষ্য জেলাজুড়ে এই অর্গানিক আঙ্গুর চাষ ছড়িয়ে দেয়া।
পঞ্চগড় সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আসাদুন্নবী বলেন, জেলার আবহাওয়া ও মাটির গুণাগুণ বিদেশি বিভিন্ন ফল চাষের জন্য বেশ উপযোগী। আধুনিক ও বিজ্ঞানভিত্তিক পদ্ধতি অনুসরণ করলে এখানে বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে উদ্যোক্তাদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা প্রদান করা হচ্ছে।
স্থানীয়রা মনে করছেন, বাণিজ্যিকভাবে আঙ্গুর উৎপাদন বৃদ্ধি পেলে মানুষ বিষমুক্ত দেশি ফল খাওয়ার সুযোগ পাবে। এতে যেমন পুষ্টির চাহিদা মিটবে, তেমনি কৃষি অর্থনীতিতেও এক নতুন মাইলফলক যুক্ত হবে। ইতিমধ্যে বাগানগুলো পর্যটকদের জন্যও একটি আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে। জেলায় আঙ্গুর চাষ সম্প্রসারণে সরকারি সহযোগিতা বৃদ্ধির দাবি জানিয়েছেন নতুন উদ্যোক্তারা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন