শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

গরু বাঁধতে গিয়ে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

আবু সালেহ মোঃ রায়হান

মে ১৪, ২০২৬, ০৬:৩২ পিএম

গরু বাঁধতে গিয়ে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

ছবি-দিনাজপুর টিভি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গরু বাঁধতে গিয়ে সাপের কামড়ে সালেহা খাতুন (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টার দিকে তেঁতুলিয়া ইউনিয়নের দক্ষিণ দর্জিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।নিহত সালেহা খাতুন ওই এলাকার আতিয়ার রহমানের স্ত্রী। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি মরিচ ক্ষেতের পাশে গরু বাঁধতে গিয়েছিলেন সালেহা খাতুন। বেলা ১১টার দিকে ক্ষেতে কাজ করার সময় হঠাৎ একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। 

তাঁর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন এবং পরিবারের সদস্যদের সহযোগিতায় তাঁকে দ্রুত উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক পরীক্ষার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে স্থানান্তরিত করেন। তবে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ওমর ফারুক জানান, হাসপাতালে আনার পর রোগীর পালস পাওয়া গিয়েছিল। তাকে ব্যথানাশকসহ প্রয়োজনীয় চিকিৎসা এবং এন্টিভেনম দেওয়া হয়েছিল। তবে ওই সময় রক্তচাপ (ব্লাড প্রেশার) তেমন ছিল না। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সাপটি বিষধর ছিল বলে চিকিৎসকের ধারণা, তবে সেটি ঠিক কী সাপ ছিল তা নিশ্চিত হওয়া যায়নি।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান জানান, নিহত গৃহবধূর মরদেহ সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় তেঁতুলিয়া মডেল থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।