রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

স্কুলছাত্রী অপহরণ অভিনেত্রীসহ ৩ জনের নামে মামলা

আবু সালেহ মোঃ রায়হান

মে ১৫, ২০২৬, ০৩:২৫ পিএম

স্কুলছাত্রী অপহরণ অভিনেত্রীসহ ৩ জনের নামে মামলা

ছবি-দিনাজপুর টিভি

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে অভিনেত্রী সুলতানা রোজ নিপাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই মামলায় অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়েছে। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক শুক্রবার সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৬ মে প্রতিদিনের মতো ওই শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। তবে ছুটির সময় পার হওয়ার পরও সে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় পড়েন। পরে বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, ওই শিক্ষার্থী সেদিন বিদ্যালয়ে উপস্থিত ছিল না। 

দিনভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান না পেয়ে শিক্ষার্থীর বাবা ওই দিনই দেবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।ঘটনার দিন সন্ধ্যায় শিক্ষার্থীর বাবার মোবাইল ফোনে একটি অপরিচিত নম্বর থেকে কল আসে। 

ফোনের অপর প্রান্ত থেকে জানানো হয় যে ওই শিক্ষার্থী তাদের কাছে আছে এবং তাকে বিয়ে করা হয়েছে। এরপর থেকেই নম্বরটি বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে পুলিশের কারিগরি সহায়তায় ওই মোবাইল নম্বরটির মালিককে আব্বাস আলী ওরফে আকাশ হিসেবে শনাক্ত করা হয়। জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী আকাশের স্থায়ী ঠিকানা নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর এলাকায় এবং বর্তমান ঠিকানা ঢাকার বাড্ডা।দেবীগঞ্জ থানা পুলিশের তৎপরতায় গত ৮ মে রাতে ঢাকার বাড্ডা এলাকার ডিআইটি প্রজেক্টের একটি বাসা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, অভিনেত্রী সুলতানা রোজ নিপার কাছ থেকে মেয়েটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এরপর উদ্ধার হওয়া শিক্ষার্থীর দেওয়া তথ্যের ভিত্তিতে অপহরণের মামলা করার সিদ্ধান্ত নেয় পরিবার। গত ১৩ মে শিক্ষার্থীর বাবা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এই মামলাটি করেন। অভিযুক্ত সুলতানা রোজ নিপা ঢাকায় অভিনেত্রী হিসেবে পরিচিত বলে জানা গেছে।

মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, প্রধান আসামি আকাশ দেবীগঞ্জে একটি ভেকু মেশিন কোম্পানিতে ম্যানেজার হিসেবে কর্মরত থাকার সময় কলেজপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। বিদ্যালয়ে যাতায়াতের পথে তিনি ওই শিক্ষার্থীকে প্রায়ই প্রেমের প্রস্তাব দিতেন। শিক্ষার্থী সেই প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্থানীয় কয়েকজনের সহায়তায় পরিকল্পিতভাবে এই অপহরণের ঘটনা ঘটানো হয় বলে এজাহারে দাবি করা হয়েছে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক জানান, মামলায় সুলতানা রোজ নিপাকে দ্বিতীয় আসামি এবং তার ভাই আব্বাস আলী ওরফে আকাশকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া দেবীগঞ্জের স্থানীয় বাসিন্দা ফজিলা বেগমকে মামলার তৃতীয় আসামি করা হয়েছে। এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের বিশেষ অভিযান বর্তমানে অব্যাহত রয়েছে।