রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ট্রাম্প-নেতানিয়াহুর পর এবার আলোচনায় লম্বা দাড়ির ‘মোদি মহিষ’

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৫, ২০২৬, ০৫:১৮ পিএম

ট্রাম্প-নেতানিয়াহুর পর এবার আলোচনায় লম্বা দাড়ির ‘মোদি মহিষ’

দাড়িওয়ালা মোদি মহিষ

নারায়ণগঞ্জে কোরবানির পশুর হাটে বা খামারে ভাইরাল পশুর তালিকায় একের পর এক যুক্ত হচ্ছে নতুন ও চমকপ্রদ নাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নামে পরিচিত মহিষ দুটি নিয়ে গত কয়েক দিন ধরে ব্যাপক আলোচনা চলছিল। সেই রেশ কাটতে না কাটতেই এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার তুঙ্গে উঠে এসেছে লম্বা সাদা দাড়িওয়ালা এক ‘মোদি মহিষ’। 

অদ্ভুত চেহারা, গোলাপি আভাযুক্ত বিশাল শরীর আর ব্যতিক্রমী বৈশিষ্ট্যের কারণে বিরল প্রজাতির এই মহিষটিকে দেখতে প্রতিদিনই খামারে ভিড় করছেন শত শত দর্শনার্থী।সাদা দাড়িওয়ালা মহিষটি এখন ওই খামারের প্রধান আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে।

বিরল প্রজাতির এলভিনো বা গোলাপি রঙের এই বিশাল আকৃতির মহিষটির দেখা মিলছে নারায়ণগঞ্জের স্থানীয় একটি খামারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মহিষটির শরীরজুড়ে রয়েছে হালকা সাদা ও গোলাপি রঙের আভা। তবে সবার নজর কাড়ছে এর মুখের নিচে ঝুলে থাকা দীর্ঘ সাদা দাড়ি, যা সাধারণ মহিষের ক্ষেত্রে সচরাচর দেখা যায় না। 

প্রাণিপ্রেমী ও সাধারণ মানুষ এই বিরল দৃশ্য দেখার জন্য দূর-দূরান্ত থেকেও ছুটে আসছেন।খামার কর্তৃপক্ষ ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, শুরুতে এই মহিষটির কোনো নির্দিষ্ট নাম রাখা হয়নি। পরে ভিডিওটি ভাইরাল হলে নেটিজেনদের মধ্যে নানা মজার আলোচনার সূত্রপাত ঘটে। অনেকেই মহিষটির সাদা দাড়ি ও গাম্ভীর্যপূর্ণ চেহারার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মিল খুঁজে পান। এরপর মজার ছলেই একটি অনলাইন জরিপ বা সোশ্যাল মিডিয়া কমেন্টের মাধ্যমে মহিষটির নাম রাখা হয় ‘মোদি’। খামারিরা বলছেন, ঈদুল আযহাকে সামনে রেখে ভিন্নধর্মী নামের পশু নিয়ে মানুষের কৌতুহল দিন দিন বাড়ছে এবং এটি খামারের প্রচারণাতেও ভূমিকা রাখছে।

নারায়ণগঞ্জের পাইকপাড়া এলাকায় রাবেয়া এগ্রো ফার্মে ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে একটি মহিষ নিয়ে আগে থেকেই সরগরম ছিল পুরো জেলা। এরপর নতুন করে সাধারণ মানুষের আলোচনায় আসে কিছুটা ক্ষ্যাপাটে স্বভাবের ‘নেতানয়াহু’ মহিষ। সেই ধারাবাহিকতায় এবার ‘মোদি’ মহিষের অন্তর্ভুক্তি ভাইরাল পশুর তালিকায় নতুন মাত্রা যোগ করল। কোরবানির হাটে তোলার আগে এই ধরনের প্রচার পশুর দাম বৃদ্ধিতেও সাহায্য করে বলে মনে করা হচ্ছে। ঈদুল আযহার আগে আরও কোনো নতুন ‘ভাইরাল পশু’ আলোচনায় আসে কি না, সেটিই এখন নেটিজেনদের বড় কৌতূহল।