শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬,

কত টাকায় বিক্রি হলো ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’?

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২০, ২০২৬, ০১:০১ পিএম

কত টাকায় বিক্রি হলো ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’?

ভাইরাল মহিষ

কোরবানির ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জে ভাইরাল হওয়া এলভিনো জাতের দুই মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ ও ‘নেতানিয়াহু’ বিক্রি হয়ে গেছে। এদের মধ্যে ওজনে ও দামে ডোনাল্ড ট্রাম্পকে বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে নেতানিয়াহু। ট্রাম্প সাড়ে তিন লাখ টাকায় বিক্রি হলেও পশুর হাটে নেতানিয়াহুর দাম উঠেছে রেকর্ড ছয় লাখ টাকা।

উভয় মহিষেরই নতুন গন্তব্য হচ্ছে রাজধানী ঢাকা।নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার রাবেয়া এগ্রো ফার্ম থেকে ৭০০ কেজি ওজনের ট্রাম্পকে ইতোমধ্যে পুরান ঢাকার এক ক্রেতার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। 

গায়ের রঙ আর চুলের স্টাইলের মিল থাকায় ১০ মাস আগে রাজশাহী থেকে কিনে আনা এই মহিষটির নাম রাখা হয়েছিল যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টের নামে। ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, গত শুক্রবারই ক্রেতা মহিষটি নিজের জিম্মায় নিয়েছেন।এদিকে ৭৬০ কেজি ওজনের মহিষ নেতানিয়াহুকে দেখতে খামারে দর্শনার্থীদের ভিড় দিন দিন বাড়ছে।

বন্দর উপজেলার এসএস ক্যাটল এগ্রো ফার্মে থাকা এই মহিষটি ছয় লাখ টাকায় কিনেছেন ঢাকার এক ক্রেতা। খামারের ব্যবস্থাপক মেহেদী হাসান জানান, ঈদের ঠিক আগের দিনগুলোতে ক্রেতা মহিষটি নিয়ে যাবেন। ট্রাম্প খামার থেকে চলে যাওয়ায় যারা তাকে দেখতে পাননি, তারা এখন নেতানিয়াহুকে দেখতে খামারে ভিড় জমাচ্ছেন।