মে ২১, ২০২৬, ০৫:২৯ পিএম
পঞ্চগড়ের দেবীগঞ্জ বাজারে নানা অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে এই বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এএসএম মাসুম উদ দৌলা। জনস্বার্থে নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ ও ক্ষতিকর রং ব্যবহারের জন্য ‘শুভ আইসক্রিম’ নামক প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।পাশাপাশি ট্রেড লাইসেন্স হালনাগাদ না থাকায় ‘আকাশ স্টোর’-কে ১৫০০ টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করা ও অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রির অভিযোগে ‘ভাই ভাই পোল্ট্রি ফার্ম’-কে আরও ১৫০০ টাকা জরিমানা করা হয়।
সব মিলিয়ে মোট তিনটি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে দেবীগঞ্জ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোস্তাবুল হক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন এবং দেবীগঞ্জ থানা পুলিশের একটি দল নিরাপত্তা সহায়তা প্রদান করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্য রক্ষায় এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।সহকারী পরিচালক এএসএম মাসুম উদ দৌলা বলেন, ব্যবসায়ীরা যেন আইন মেনে পণ্য বিক্রি করেন এবং স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করেন, সেটি নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। এই অভিযানের ফলে ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং সাধারণ ক্রেতারা প্রতারণার হাত থেকে মুক্তি পাবেন বলে আশা করা হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন