মে ৩০, ২০২৬, ০৫:২১ পিএম
চাঁদপুরের হাইমচর উপজেলায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আয়েশা আক্তার নামের ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের উত্তর আলগী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত আয়েশা চাঁদপুর শহরের বাসিন্দা শফিক মাঝির ছোট মেয়ে এবং সে শহরের একটি মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সম্প্রতি শফিক মাঝির স্ত্রী ও সন্তানরা হাইমচরের দক্ষিণ আলগী গ্রামে নানাবাড়িতে বেড়াতে আসেন। সকালে পরিবারের সবার অলক্ষে শিশু আয়েশা দক্ষিণ আলগী হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয় সংলগ্ন ওজি বাড়ির পুকুরে পড়ে যায়। পরে তাকে পুকুরে ভাসতে দেখে স্থানীয় ও পরিবারের লোকজন উদ্ধার করে সকাল ৯টা ৩০ মিনিটে দ্রুত হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সওগাদ জানান, শিশুটিকে সকাল ৯টা ৩০ মিনিটে হাসপাতালে আনা হয়েছিল। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে যে হাসপাতালে নিয়ে আসার আগেই পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। নিহত আয়েশা ৩ ভাই ও ১ বোনের মধ্যে সবার ছোট ছিল।
গ্রামীণ জনপদে অসচেতনতার কারণে বারবার এমন দুর্ঘটনা ঘটায় স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা সাঁতার না জানা শিশুদের প্রতি বর্ষা ও ঈদের মৌসুমে আরও বাড়তি নজরদারির দাবি জানান।

-20260530111422.jpg)
দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন