রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৮, ২০২৬, ১০:৪৬ পিএম

স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

প্রকৃতি ছবি

রাজধানীর রমনার মৌচাকে ছুরিকাঘাতে বিল্লাল হোসেন তালুকদার (৫৭) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন। তিনি স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক ছিলেন। সোমবার রাত ৮টার দিকে মৌচাক আনারকলি মার্কেটের সামনে এই ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানান, সোমবার সন্ধ্যায় আনারকলি মার্কেটের সামনে ভাগ্নে মোবারক হোসেন আকাশকে মারধর করা হয়। ঘটনার পর মোবারক তার মামা বিল্লালকে ঘটনাস্থলে ডেকে আনেন। 

রাত ৮টার দিকে মার্কেটের সামনে মারামারির ঘটনায় সালিশ বৈঠক বসার পর কয়েকজনের সঙ্গে তর্কাতর্কি হয়। একপর্যায়ে বিল্লালের বুকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত সোয়া ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

বিল্লাল হোসেন তালুকদার মালিবাগ বাগানবাড়ি এলাকায় থাকতেন এবং সেখানে বালু ও সিমেন্টের ব্যবসা করতেন। তার পিতার নাম মৃত ইউনুছ তালুকদার।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, নিহতের বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি রমনা থানায় জানানো হয়েছে এবং পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।