জুন ৯, ২০২৬, ০৫:৩৮ পিএম
টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া, পাটুরিয়া-কাজিরহাট এবং আরিচা-কাজিরহাট—এই তিনটি নৌপথে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকেল সাড়ে ৪টা থেকে এ নির্দেশনা কার্যকর করা হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) ডিজিএম মো. আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, নদীর মাঝপথে থাকা বেশ কয়েকটি ফেরি নিরাপদে বিভিন্ন ঘাটে নোঙর করানো হয়েছে। একই সঙ্গে লঞ্চ ও স্পিডবোটগুলোকে ঘাট এলাকায় নিরাপদ স্থানে বেঁধে রাখা হয়েছে। হঠাৎ এই সিদ্ধান্তে নদীর দুই পাড়ে শত শত যানবাহন ও যাত্রী আটকা পড়েছেন।
ঘাট এলাকায় দেখা গেছে, বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার কারণে যাত্রীরা যাত্রী ছাউনি বা স্থানীয় দোকানপাটে আশ্রয় নিচ্ছেন। অনেকেই গন্তব্যে পৌঁছাতে না পেরে ঘাট এলাকাতেই আটকা পড়েছেন। বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং নারীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। বৃষ্টির তীব্রতায় অনেকেই ভিজে একাকার হয়েছেন।
বিআইডব্লিউটিসি জানিয়েছে, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নৌপথে নৌযান চলাচল বন্ধ থাকবে। নৌযানগুলোর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যাত্রীদের দুর্ভোগ লাঘবে ঘাট কর্তৃপক্ষ নজর রাখছে। তবে আবহাওয়া অধিদপ্তর থেকে পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত ফেরি চলাচল পুনরায় শুরু করা সম্ভব নয়। যাত্রীদের জরুরি প্রয়োজন ছাড়া আপাতত ঘাট এলাকায় ভিড় না করার পরামর্শ দেওয়া হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন