শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃ‍‍`ত্যু

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৯, ২০২৬, ১০:০৬ পিএম

কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃ‍‍`ত্যু

রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসলে নেমে পানিতে ডুবে ইনতিশার হাসনাত (২২) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকেলে হ্রদের চক্রপাড়া সংলগ্ন বালুচর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল ২৫ ফুট গভীর তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করে।

নিহত ইনতিশার হাসনাত কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার বেলালের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম থেকে চার বন্ধু নৌকাযোগে কাপ্তাই হ্রদ ভ্রমণে বের হয়েছিলেন। 

নৌকাটি বালুচর নামক স্থানে পৌঁছালে তারা পানিতে সাঁতার কাটতে নামেন। সাঁতারের এক পর্যায়ে ইনতিশার হ্রদের গভীর অংশে চলে গেলে তলিয়ে নিখোঁজ হন।খবর পেয়ে রাঙামাটি ফায়ার স্টেশনের লিডার লিটন কান্তি দেবের নেতৃত্বে একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। 

প্রায় এক ঘণ্টা চেষ্টার পর ২৫ ফুট গভীর থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক নিউটন দাস বিষয়টি নিশ্চিত করেছেন। 

এই অকাল মৃত্যুতে নিহতের পরিবারসহ বিশ্ববিদ্যালয় অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। পর্যটন এলাকায় হ্রদে ভ্রমণে আসা দর্শনার্থীদের জন্য নিরাপত্তা ও সাবধানতা অবলম্বনের বিষয়টি আবারও সামনে এসেছে। এই দুর্ঘটনায় বন্ধুদের মধ্যে তীব্র আতঙ্ক ও বিষাদ বিরাজ করছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।