জুন ১৪, ২০২৬, ১১:০২ এএম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার বার্মা স্ট্যান্ড সংলগ্ন নাভানা সিটির সামনে দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এই আকস্মিক ও হৃদয়বিদারক দুর্ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নিহত তিনজনের লাশ পানি থেকে উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করেছে স্থানীয় থানা পুলিশ।পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তিরা হলেন মো. রাশেদুজ্জামান, মো. গালিব এবং মোসা. সুরাইয়া। এদের মধ্যে ২২ বছর বয়সী রাশেদুজ্জামান গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মনাগ গ্রামের দেলোয়ার মিয়ার ছেলে।
অন্য দুজন ১৮ বছর বয়সী গালিব ও ১২ বছর বয়সী সুরাইয়া নড়াইল জেলার কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের আকরাম মিয়ার সন্তান। তারা সবাই বর্তমানে দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকায় অ্যাডভোকেট জালাল সাহেবের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।পারিবারিক সূত্রে জানা গেছে, কাজের সন্ধানে কিছুদিন আগে ঢাকায় এসে সিদ্ধিরগঞ্জে শ্বশুরবাড়িতে থাকছিলেন রাশেদুজ্জামান।
দুপুরে রাশেদুজ্জামান, তাঁর শ্বশুর আকরাম ও শ্বশুরের দুই সন্তান একত্রে ডিএনডি লেকে গোসল করতে নামলে তিনজন হঠাৎ গভীর পানিতে তলিয়ে যান। সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমান জানান, নিহত তিনজনই সাঁতার জানতেন বলে প্রাথমিকভাবে স্বজনরা দাবি করেছেন। তারপরও কীভাবে এই মৃত্যুর ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে সুনির্দিষ্ট তদন্ত চলছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন