রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মা-বোনসহ ঢাবির ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে সন্দেহভাজন নিহত

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ২৫, ২০২৬, ০৬:২৩ পিএম

মা-বোনসহ ঢাবির ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে সন্দেহভাজন নিহত

লক্ষ্মীপুরের রায়পুরে এক ভাড়া বাসায় মা এবং তার দুই মেয়েকে কুপিয়ে হত্যা করার এক নৃশংস ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রায়পুর পৌরসভার ধানহাটা ডাকাতিয়া নদীর পাড়ের একটি বাসা থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে স্থানীয় জনতার গণপিটুনিতে গুরুতর আহত এক হকার যুবক পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ভয়াবহ এই ঘটনার পর পুরো এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।একই পরিবারের তিন সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে।নিহতরা হলেন মা শাহিনুর বেগম, তার বড় মেয়ে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সায়মা আক্তার এবং ছোট মেয়ে শিফা আক্তার। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরেক মেয়ে ইকরা আক্তারকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

তারা মূলত কুমিল্লা জেলার হোমনা পৌরসভার বাসিন্দা হলেও গত কয়েক বছর ধরে লক্ষ্মীপুরে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। স্থানীয় বাসিন্দারা সন্দেহভাজন ওই যুবককে আটক করে গণপিটুনি দেওয়ার পর পুলিশে সোপর্দ করেছিল। পরে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি ঘটায় ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সহকারী পুলিশ সুপার রাশেদুল জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার পর উত্তেজিত জনতাকে শান্ত করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে ইটপাটকেলের আঘাতে পুলিশের অন্তত ছয় থেকে সাতজন সদস্য আহত হয়েছেন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অরুপ পাল সন্দেহভাজন যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।হত্যাকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।