রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পাগলা মসজিদের দানবাক্সে ৩ ঘণ্টায় মিলল ১০ কোটি টাকা , চলছে গণনা

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ২৭, ২০২৬, ০৪:২৮ পিএম

পাগলা মসজিদের দানবাক্সে ৩ ঘণ্টায় মিলল ১০ কোটি টাকা , চলছে গণনা

কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকায় অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে দানবাক্সগুলো খোলার পর সংগৃহীত অর্থ প্লাস্টিকের বস্তায় ভরে মসজিদের দ্বিতীয় তলায় নেওয়া হয়। সেখানে সকাল ৯টা থেকে শুরু হওয়া গণনায় প্রথম তিন ঘণ্টাতেই প্রায় ১০ কোটি টাকা মিলেছে।টাকা গণনা এখনো চলছে।

নগদ টাকা ছাড়াও দানবাক্সগুলোতে সোনা ও রূপার অলংকারসহ বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রাও পাওয়া গেছে। রূপালী ব্যাংক কিশোরগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আলী হারেছী জানান, দুপুর ১২টা পর্যন্ত প্রায় ১০ কোটি টাকা গণনা করা হয়েছে। পুরো অর্থ গণনা শেষ হতে আরও সময় লাগবে বলে মসজিদ ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। মাদ্রাসার প্রায় ৩০০ শিক্ষার্থী ও শিক্ষক, ব্যাংক কর্মকর্তাসহ কমিটির সদস্যরা এই টাকা গণনার কাজে অংশ নিচ্ছেন।

মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সের পরিচালন ব্যয় মেটানোর পর অবশিষ্ট অর্থ ব্যাংকে সংরক্ষণ করা হয় বলে জেলা প্রশাসন জানিয়েছে। পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, বর্তমানে সরাসরি দানের ১১৪ কোটি টাকা এবং অনলাইন দানের ২৪ লাখ ৭৬ হাজার ৮৮২ টাকা ব্যাংকে জমা রয়েছে। এর বাইরে দান হিসেবে পাওয়া বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার জেলা প্রশাসনের ট্রেজারিতে সংরক্ষিত আছে। ভক্তরা নিয়মিতভাবে এখানে নগদ টাকা ছাড়াও গবাদিপশু ও নানা সামগ্রী দান করেন।