শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৪, ২০২৬, ০৮:৪৮ পিএম

পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

নরসিংদীর মনোহরদী উপজেলায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে খিদিরপুর ইউনিয়নের চর আহাম্মদপুর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহত শিশুরা হলো ফাতেমা, আশামনি ও সুমাইয়া। তারা প্রত্যেকেই স্থানীয় মাদরাসা ও স্কুলের শিক্ষার্থী ছিল।গোসলে নেমে পুকুরের গভীর পানিতে তলিয়ে গিয়ে তাদের মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত ফাতেমা ও আশামনি চর আহাম্মদপুর গ্রামের খোরশেদ মিয়ার নাতনি এবং সুমাইয়া তাঁর ছোট ভাইয়ের মেয়ে। শনিবার দুপুরে তারা বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। পুকুরে ডুবে সুমাইয়া তলিয়ে গেলে তাকে খুঁজতে বাকি দুই শিশু ফাতেমা ও আশামনিও পানিতে নামে। দীর্ঘ সময় তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজনের সন্দেহ হয়। পরে এলাকাবাসীর সহায়তায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

একই পরিবারের তিন শিশুর এমন অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও পুরো গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও শোকের সৃষ্টি হয়েছে।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, এটি অত্যন্ত বেদনাদায়ক ও মর্মান্তিক একটি ঘটনা। তিনি জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।