জুলাই ৯, ২০২৬, ০৫:৩৯ পিএম
পঞ্চগড়ের দেবীগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় উর্মী (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে দেবীগঞ্জ পৌর শহরের করতোয়া সেতুর পশ্চিম পাশে শ্রী শ্রী গৌড়ীয় মঠের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত উর্মী উপজেলার দেবীডুবা ইউনিয়নের দারারহাট ডাক্তারপাড়া এলাকার ক্ষিতিশ চন্দ্র রায়ের মেয়ে।পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি ভুলবশত মহাসড়কে চলে এলে এ দুর্ঘটনা ঘটে।
শিশুটির পরিবার সূত্রে জানা যায়, দুপুরে বাবা-মায়ের সঙ্গে একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসকের পরামর্শ নিয়ে বাড়ি ফিরছিলেন উর্মী। সেতুর পশ্চিম পাশে শ্রী শ্রী সন্ত গৌড়ীয় মঠ সংলগ্ন এলাকায় বিশ্রাম নেওয়ার সময় পরিবারের অগোচরে উর্মী সেতুর সিঁড়ি বেয়ে মহাসড়কে উঠে যায়। রাস্তা পার হওয়ার চেষ্টা করলে পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় কাভার্ড ভ্যানটি থামানো হয় এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাহনটি জব্দ করে। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মূসা জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন