জুলাই ১৩, ২০২৬, ১১:৩৭ পিএম
দেশের বন্যাকবলিত এলাকার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। সংস্থাটি বন্যাকবলিত অন্তত ১০ হাজার পরিবারের মাঝে মোট ১৯৩ টন খাদ্যসামগ্রী ও জরুরি সহায়তা পৌঁছে দিচ্ছে। রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড পেজ থেকে এই তথ্য নিশ্চিত করেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
ত্রাণের বহর ইতিমধ্যে সাতটি উপজেলার দুর্গত এলাকার উদ্দেশ্যে রওনা হয়েছে।ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ত্রাণ সহায়তা প্যাকেজে রয়েছে ৮০ টন চাল, ১৬ টন ডাল, ২০ টন খেজুর এবং ৮ টন তেল। এছাড়াও তালিকায় রয়েছে ৫ টন লবণ, ৪ টন চিড়া, ২ টন মুড়ি ও ৮ টন বিশুদ্ধ পানি। সাধারণ খাদ্যদ্রব্যের পাশাপাশি গবাদি পশুর খাদ্য হিসেবে ৫০ টন খাবার বরাদ্দ করেছে সংস্থাটি।
ত্রাণ বিতরণের পাশাপাশি বন্যায় গৃহহারা মানুষের পুনর্বাসনেও উদ্যোগ নিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এর আগে বিকেলে শায়খ আহমাদুল্লাহ জানিয়েছেন, এবারের বন্যায় যারা ঘরবাড়ি হারিয়েছেন, এমন ৩০০ পরিবারকে দুই কক্ষের ইন্ডাস্ট্রিয়াল টিনের নতুন পাকা ঘর তৈরি করে দেবে তাদের ফাউন্ডেশন।
বন্যাকবলিত অঞ্চলে মানুষের দুর্ভোগ লাঘবে এবং দ্রুত পুনর্বাসনের লক্ষ্যে আস-সুন্নাহ ফাউন্ডেশনের এই কার্যক্রম স্থানীয় পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে। দুর্গত এলাকায় জরুরি ভিত্তিতে খাদ্য ও গবাদি পশুর খাবার পৌঁছানোকে এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন