রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পঞ্চগড়ে ৭ কেজি কষ্টি পাথরসহ আটক ২

আবু সালেহ মোঃ রায়হান

জুলাই ১৪, ২০২৬, ০৫:০৩ পিএম

পঞ্চগড়ে ৭ কেজি কষ্টি পাথরসহ আটক ২

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় সাত কেজি ওজনের একটি কষ্টি পাথরসহ দুই ব্যক্তিকে আটক করেছে ঠাকুরগাঁও ৫০ বিজিবি। সোমবার দিবাগত রাতে উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বর্ষালুপাড়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য আট লাখ ৮৭ হাজার ৪০০ টাকা।পরে জব্দকৃত মালামালসহ তাদের আটোয়ারী থানায় হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলেন, আটোয়ারী উপজেলার রাধানগড় ইউনিয়নের ছবিরুল ইসলামের ছেলে দুলাল হোসেন (৩৬) এবং ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার চাপাতি এলাকার সুরল ইসলামের ছেলে কলিম উদ্দিন (৪০)।মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও ৫০ বিজিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন থেকে একটি বিশেষ টহল দল এবং বর্ষালুপাড়া বিওপির নিয়মিত টহলদল যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। 

সীমান্তের মেইন পিলার ৩৯৬-এর ৫ নম্বর রেফারেন্স পিলার থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাধাকৃষ্ণ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।অভিযানের সময় কষ্টি পাথর ছাড়াও দুটি মোটরসাইকেল, দুটি বাটন মোবাইল ফোন ও সিম কার্ড জব্দ করা হয়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে আটোয়ারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খন্দকার আখলাকুর রহমান জানান, বিজিবি মাদক ও চোরাচালান প্রতিরোধে ‍‍`জিরো টলারেন্স‍‍` নীতি অনুসরণ করছে। সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, বিজিবির দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে আটককৃতদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।