রাকিবুল হাসান মুন্না
জুলাই ২৩, ২০২৬, ০২:২৮ পিএম
ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক
তরুণ প্রজন্মের মাঝে যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক দক্ষতা অর্জনে রংপুরে দিনব্যাপী একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে আরএইচস্টেপের অপরাজেয় তারুণ্য প্রকল্পের রংপুর শাখা কার্যালয়ে এই আয়োজন সম্পন্ন হয়। কর্মশালায় আক্কেলপুর স্কুল অ্যান্ড কলেজের প্রায় আঠারো জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীরাও এই আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর রংপুরের উপ-পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন যে যৌন ও প্রজনন স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলার ক্ষেত্রে তরুণদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। বাল্যবিবাহ প্রতিরোধ, লিঙ্গসমতা প্রতিষ্ঠা এবং নিরাপদ জীবনযাপন নিশ্চিত করতে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। কর্মশালার দ্বিতীয় পর্বে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক বিভিন্ন প্রযুক্তির ব্যবহার হাতে-কলমে শিখিয়ে দেওয়া হয়।
প্রকল্প কর্মকর্তা অনিমেষ রায় প্রশিক্ষণের বিভিন্ন দিক বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি সুনো এআই ব্যবহার করে সচেতনতামূলক গান তৈরি, ন্যানো বানানা প্ল্যাটফর্মের মাধ্যমে ডিজিটাল পোস্টার ও ভিডিও নির্মাণ এবং ক্লড এআই এর সাহায্যে পেশাদার জীবনবৃত্তান্ত বা সিভি তৈরির কলাকৌশল প্রদর্শন করেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এসব প্রযুক্তি ব্যবহার করে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী অধিকারের মতো সামাজিক বিষয়ে বিভিন্ন কনটেন্ট তৈরি করেন।ভবিষ্যতে তরুণ সমাজকে আরও দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।