জুলাই ২৩, ২০২৬, ০৭:১৩ পিএম
পঞ্চগড়ের সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে নিজ বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার চাঞ্চল্যকর ও গুরুতর অভিযোগে ২৪ বছর বয়সী মিরাজ আলী নামের এক যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। পারিবারিক সহিংসতা এবং মাদকাসক্ত হয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এই সাজা দেওয়া হয়।
একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ড এবং জরিমানা অনাদায়ে আরও ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এই দণ্ডাদেশ দেন।ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, বিশমনি গ্রামের বাসিন্দা মো. জাহিদুল ইসলাম তার ছেলে মিরাজ আলীর বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন।
অভিযোগে উল্লেখ করা হয় যে অভিযুক্ত যুবক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত থাকার কারণে বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে লিপ্ত ছিল। এর আগেও সে বিভিন্ন স্থানে চুরি ও মারামারির সঙ্গে যুক্ত ছিল এবং একাধিকবার মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন থাকার পরও কোনো পরিবর্তন হয়নি। সর্বশেষ গত বুধবার রাতে মাদক কেনার টাকা না পেয়ে সে ঘর থেকে একটি করাত এনে তার বাবার গলায় ধরে জবাই করার চেষ্টা চালায়।এ সময় তার মা এগিয়ে এলে তাকেও হত্যার উদ্দেশ্যে তেড়ে যাওয়া হয় এবং পরিবারের সদস্যরা দ্রুত পালিয়ে নিজেদের প্রাণ রক্ষা করেন।
পরদিন বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা সুলতানা ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। শুনানিকালের সময় অভিযুক্ত যুবক নিজে মাদক সেবনের কথা স্বীকার করায় এবং বসতঘর তল্লাশি করে মাদক সেবনের বিভিন্ন আলামত পাওয়ায় আদালত তাকে এই শাস্তি প্রদান করেন। মাদক ও পারিবারিক সহিংসতার বিরুদ্ধে এ ধরনের আইনি পদক্ষেপ অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন