জুলাই ২৪, ২০২৬, ১১:৫১ এএম
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর অবৈধভাবে আটজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা সফলভাবে প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির কড়া বাধায় ওই ব্যক্তিরা নদীপথে পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হন। শুক্রবার ভোরে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীন প্রাগপুর ইউনিয়নের মহিষকুণ্ডি এলাকায় এই ঘটনা ঘটে।
সীমান্ত পিলার ১৫২-এর ১ এস সংলগ্ন এলাকায় জয়পুর বিওপির টহল দল এই অভিযান চালায়।পুশইনের এই অপচেষ্টা ভোরের আলো ফোটার আগেই নস্যাৎ করে দেওয়া হয়।বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের চর মেঘনা ক্যাম্পের সদস্যরা নদীপথে সাঁতার কেটে ৮ অজ্ঞাতনামা ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশের জন্য চাপ সৃষ্টি করে।
তাদের মধ্যে ২ জন পুরুষ, ৪ জন নারী এবং ২ জন ট্রান্সজেন্ডার ছিলেন। বিজিবির সতর্ক টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের প্রবেশে বাধা দেয়। বিজিবির কঠোর অবস্থানের মুখে তারা আর এগোতে সাহস পায়নি এবং সাঁতার কেটে পুনরায় ভারতীয় সীমানায় ফিরে যায়।
কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্ত এলাকার সুরক্ষা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় এ ধরনের পেশাদারিত্ব ও তৎপরতা অব্যাহত থাকবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন