রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পঞ্চগড়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

আবু সালেহ মোঃ রায়হান

আগস্ট ৫, ২০২৬, ০৬:০৮ পিএম

পঞ্চগড়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ী ইউনিয়নের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোটরসাইকেল ভাঙচুর এবং টাকা ছিনতাইয়ের অভিযোগ এনে পঞ্চগড় সদর থানায় বারোজনকে আসামি করে একটি এজাহার দাখিল করেছেন আহত শিক্ষক মাহামুদ আলম প্রধান। 

নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়।গত সোমবার দুপুরে মাগুড়া প্রধানপাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটে।আহত শিক্ষক মাহামুদ আলম প্রধান বর্তমানে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেঝেতে চিকিৎসাধীন রয়েছেন। 

এজাহারে উল্লেখ করা হয়েছে যে পূর্ব শত্রুতার জেরে অভিযুক্তরা তার পথরোধ করে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ চালায়। হামলায় তার হাতের আঙুল ভেঙে যায় এবং একটি কাঁঠাল গাছের সঙ্গে রশি দিয়ে তাকে প্রায় দেড় ঘণ্টা আটকে রেখে নির্যাতন করা হয়। 

এ সময় জমি বন্ধক ফেরতের জন্য আনা দেড় লক্ষ টাকা কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।স্থানীয় লোকজনের সহায়তায় জরুরি সেবা নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।পুলিশ জানিয়েছে যে লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।