সোমবার, ১২ অক্টোবর, ২০২৬,

রংপুরে প্রতিবন্ধী তরুণদের স্বাস্থ্য ও অধিকার বিষয়ক বিশেষ কর্মসূচি

রাকিবুল হাসান মুন্না

আগস্ট ২০, ২০২৬, ০২:৫৮ পিএম

রংপুরে প্রতিবন্ধী তরুণদের স্বাস্থ্য ও অধিকার বিষয়ক বিশেষ কর্মসূচি

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

প্রতিবন্ধী তরুণদের স্বাস্থ্য অধিকার, শারীরিক সক্ষমতা, আত্মবিশ্বাস ও সামাজিক অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে রংপুরে একটি বিশেষ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকারভিত্তিক সংগঠন আরএইচস্টেপের ‍‍`অপরাজেয় তারুণ্য‍‍` প্রকল্পের উদ্যোগে রংপুর শাখায় এই ‍‍`ডিজেবিলিটি ইনক্লুসিভ হেলথ ইনিশিয়েটিভ‍‍` শীর্ষক কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে রংপুরের বিভিন্ন স্কুল, কলেজ ও কমিউনিটি থেকে আসা প্রতিবন্ধী তরুণ-তরুণী এবং তাদের অভিভাবকেরা অংশ নেন।

কর্মসূচিতে তরুণদের অর্থবহ অংশগ্রহণের ওপর জোর দেওয়া হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র রংপুরের ডিসেবিলিটি অ্যাফেয়ার্স অফিসার মোহাম্মদ মাসুদ রানা। তিনি তার বক্তব্যে অন্তর্ভুক্তিমূলক সমাজ ও স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা তুলে ধরেন। 

এ সময় সেরিব্রাল পালসি, ডাউন সিনড্রোম, শারীরিক ও বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধিতা এবং বাক ও শ্রবণ প্রতিবন্ধিতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। তিনি জানান, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য শুধু সেবা প্রদান যথেষ্ট নয়, বরং শিক্ষা ও অর্থনীতিতে তাদের সমান অধিকার নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্পের রংপুর শাখার প্রকল্প অফিসার অনিমেষ রায় এবং সঞ্চালনা করেন ইয়ুথ অফিসার স্বর্ণালী আচার্য। এ ছাড়া ইয়ুথ অ্যাডভোকেট দীপা রানী এবং মেন্টর রুমান শেখ কর্মশালা পরিচালনা করেন। আয়োজকেরা আশা প্রকাশ করেন যে, এ ধরনের উদ্যোগ প্রান্তিক পর্যায়ের প্রতিবন্ধী তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।