শনিবার, ১০ অক্টোবর, ২০২৬,

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী দৃষ্টিপ্রতিবন্ধী মাহমুদুল

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২১, ২০২৬, ১১:৫৮ এএম

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী দৃষ্টিপ্রতিবন্ধী মাহমুদুল

ছবি - সংগৃহীত

সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অনন্য সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ ক্বারী মাহমুদুল হাসান আশরাফী। বিশ্বমঞ্চে এই প্রতিযোগিতায় তিনি তৃতীয় স্থান অধিকার করে দেশের জন্য গৌরব বয়ে এনেছেন। প্রতিযোগিতার ৩০ পারা গ্রুপে এই কৃতিত্ব অর্জন করে তিনি ৬০ লক্ষ টাকা সমমূল্যের পুরস্কার লাভ করেছেন। দৃষ্টিপ্রতিবন্ধী হয়েও মাহমুদুল হাসানের এই সাফল্য এখন অনেকের কাছে অনুপ্রেরণার উৎস।

১৮ বছর বয়সী মাহমুদুল হাসান আশরাফী দৃষ্টিপ্রতিবন্ধী হলেও তার মেধার কোনো ঘাটতি নেই। শ্রবণ এবং পুনরাবৃত্তির অনুশীলনের মাধ্যমেই তিনি সম্পূর্ণ পবিত্র কোরআন মুখস্থ করেছেন। তিনি নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার মারকাজুল মদিনার শিক্ষার্থী। তার বাবা হাফিজ ইমামুল হোসেন মাশরাফী ছেলের এই অর্জনে আনন্দ প্রকাশ করেছেন। মাহমুদুল শুধু মক্কাতেই নয়, এর আগেও বিভিন্ন দেশে সাফল্যের স্বাক্ষর রেখেছেন।

২০২৩ সালে অস্ট্রিয়ায় প্রথম এবং ইরানে তৃতীয় স্থান অর্জন করেছিলেন তিনি। এরপর ২০২৪ সালে ভারতের আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম এবং ২০২৬ সালে যুক্তরাষ্ট্রেও প্রথম স্থান দখল করেন এই মেধাবী তরুণ। প্রতিটি প্রতিযোগিতাতেই তিনি বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন। মক্কায় আয়োজিত এই প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার মাধ্যমে মাহমুদুল আবারও প্রমাণ করলেন যে, অদম্য ইচ্ছাশক্তি থাকলে কোনো প্রতিবন্ধকতায়ই বাধা হতে পারে না।