বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

ঠাকুরগাঁও-১ আসনে দ্রুতই উপনির্বাচন

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২২, ২০২৬, ০৫:২৭ পিএম

ঠাকুরগাঁও-১ আসনে দ্রুতই উপনির্বাচন

ছবি : সংগৃহীত

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনটিতে দ্রুত উপনির্বাচন আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সাংবিধানিক বিধি অনুযায়ী আসনটি শূন্য ঘোষণার পর থেকেই নির্বাচন প্রক্রিয়ার পরবর্তী ধাপগুলো নিয়ে কাজ শুরু করেছে কমিশন। শনিবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যেই এই উপনির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে।নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আসনটি যেহেতু শূন্য ঘোষণা করা হয়েছে, তাই আমরা নির্বাচনী বিধিমালা পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নিচ্ছি। তিনি আরও উল্লেখ করেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের ব্যস্ততার মধ্যেই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্য বাড়তি সময় ব্যয় করা হবে না। 

কমিশন দ্রুততম সময়ের মধ্যে এই নির্বাচনের আয়োজন নিশ্চিত করতে বদ্ধপরিকর।নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পরপরই সংসদ সচিবালয় থেকে শূন্য আসনের সংক্রান্ত চিঠি নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হয়। 

এখন কমিশন সচিবালয় থেকে আসনটি আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশের প্রক্রিয়া চলছে। গেজেট প্রকাশের পরপরই নির্বাচন কমিশন উপনির্বাচনের তারিখ ও তফসিল ঘোষণা করবে। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এখন এই উপনির্বাচন ঘিরে কর্মতৎপরতা শুরু হয়েছে।