বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

অর্থ আত্মসাতের প্রমাণ দিলে ১০ লাখ টাকা পুরস্কার: মুফতি মিসবাহ

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২২, ২০২৬, ১১:০০ পিএম

অর্থ আত্মসাতের প্রমাণ দিলে ১০ লাখ টাকা পুরস্কার: মুফতি মিসবাহ

ছবি : সংগৃহীত

পারিবারিক বিরোধ ও ব্যবসায়িক সাফল্যকে কেন্দ্র করে পরিকল্পিত অপপ্রচারের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন ধর্মীয় বক্তা এবং ৩১৩ প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান মুফতি হাবিবুর রহমান মিসবাহ। সম্প্রতি নিজের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ ও দায়েরকৃত যৌতুক মামলার প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

তিনি দাবি করেন, কুয়াকাটা ও ঢাকায় অবস্থিত তার ব্যবসা প্রতিষ্ঠানের সুনাম ধ্বংস করার জন্য একটি মহল সক্রিয়ভাবে কাজ করছে।বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ণ করতে এই ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।সংবাদ সম্মেলনে মুফতি মিসবাহ জানান, প্রায় এক বছর আগে তার অজান্তে তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিজের নিয়ন্ত্রণে নেওয়া হয় এবং বাসায় গোপন সিসি ক্যামেরা স্থাপন করা হয়। 

সেই ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে তার কাছে মোটা অঙ্কের অর্থ দাবি করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এছাড়া তার বিরুদ্ধে আনীত যৌতুক ও অন্যান্য অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে তিনি আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। সন্তানের নিরাপত্তা নিয়ে তিনি গভীর শঙ্কা প্রকাশ করেছেন এবং ইতোমধ্যে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান।

প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা তুলে ধরে তিনি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, কেউ যদি বিনিয়োগের অর্থ আত্মসাতের সুনির্দিষ্ট প্রমাণ দিতে পারেন, তবে তাকে দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। তিনি তার ব্যক্তিগত ও ব্যবসায়িক বিষয়কে রাজনৈতিক বা কওমি অঙ্গনের সঙ্গে না জড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান। আইনি প্রক্রিয়ার মাধ্যমেই এই সমস্ত ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেওয়া হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।