আগস্ট ২৭, ২০২৬, ০৭:২৩ পিএম
মেয়ের বিয়ের আনন্দঘন পরিবেশ মুহূর্তেই বিষাদে রূপ নিয়েছে। বাড়িতে চলছিল শেষ মুহূর্তের প্রস্তুতি ও রান্নার আয়োজন, কিন্তু বিদ্যুতের তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন পাত্রীর মা রসেনা বেগম।পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের ভাণ্ডারু গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই পরিবারের মেয়ের বিয়ে উপলক্ষে বাড়িতে নানা আয়োজন চলছে। অতিথিদের আপ্যায়নের জন্য গরু জবাই করা হয় এবং পুরো বাড়ি সাজানো হয়। বুধবার রাতের কোনো এক সময় বাড়ির কাজে ব্যস্ত থাকার সময় রসেনা বেগম একটি বৈদ্যুতিক তার সরাতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং পরিবারের সিদ্ধান্তে বিয়ে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন