বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,

নির্যাতনের শিকার শিশুর সুচিকিৎসা ও আইনি সহায়তা নিশ্চিত করা হবে

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৯, ২০২৬, ০৯:০১ পিএম

নির্যাতনের শিকার শিশুর সুচিকিৎসা ও আইনি সহায়তা নিশ্চিত করা হবে

গাজীপুরে ধর্ষণের শিকার এক শিশুর চিকিৎসাসেবা নিশ্চিত করতে এবং তার পরিবারের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে বিএনপির ‘নিপীড়িত নারী ও শিশু আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল’। শনিবার শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির খোঁজখবর নেন এবং তার পরিবারের সঙ্গে কথা বলেন গাজীপুর মহানগর সেলের প্রধান সমন্বয়কারী ডা. মাজহারুল আলম।

দলের পক্ষ থেকে ভুক্তভোগী শিশুর পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে।বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মোহাম্মদ রফিকুল ইসলামের নির্দেশনায় এই সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। চিকিৎসাধীন শিশুটির সুচিকিৎসা এবং পরবর্তী সব ধরনের আইনি ও স্বাস্থ্যসেবা সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন দলীয় নেতৃবৃন্দ। প্রয়োজন অনুযায়ী সেলটি শিশুটির পাশে থাকবে বলে জানানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সদস্য সচিব ডা. খলিলুর রহমান, ড্যাব নেতা সহযোগী অধ্যাপক ডা. এনামুল হক, ডা. খায়রুজ্জামান, হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. কামরুল করিমসহ সংশ্লিষ্ট চিকিৎসকরা।

দেশব্যাপী নারী ও শিশু নির্যাতনের ঘটনা বৃদ্ধির প্রেক্ষাপটে ২০২৫ সালের ১৪ মার্চ এই সেলটি গঠন করা হয়। প্রতিষ্ঠার পর থেকেই সেলটি দেশের বিভিন্ন স্থানে নির্যাতনের শিকার নারী ও শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা ও আইনি সহায়তা প্রদান করে আসছে।