বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

কাপড়ের বস্তায় লুকিয়ে ১২ কেজি গাঁজা পাচারকালে আটক ২

আবু সালেহ মোঃ রায়হান

সেপ্টেম্বর ৪, ২০২৬, ১০:২৮ এএম

কাপড়ের বস্তায় লুকিয়ে ১২ কেজি গাঁজা পাচারকালে আটক ২

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

পঞ্চগড়ের বোদা উপজেলায় অভিনব কৌশলে কাপড়ের বস্তায় লুকিয়ে মোটরসাইকেলযোগে বারো কেজি গাঁজা পাচারের সময় দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা বা ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে বোদা পৌরসভার মডেল মসজিদ সংলগ্ন মহাসড়কের পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং একটি স্মার্টফোন জব্দ করে আইন-শৃঙ্খলা বাহিনী। আটককৃতদের বিরুদ্ধে বোদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল জানতে পারে যে দুজন মাদক কারবারি ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়ের বোদা বাইপাস হয়ে সাকোয়ার দিকে গাঁজা নিয়ে যাচ্ছেন। 

এই তথ্যের ভিত্তিতে মডেল মসজিদ এলাকায় অবস্থান নিয়ে একটি সন্দেহভাজন মোটরসাইকেল থামানো হয়। পরে চালক হৃদয় ইসলাম ও আরোহী মহেন রায়কে আটক করে তল্লাশি চালানো হলে তাদের সাথে থাকা সাদা প্লাস্টিকের বস্তার ভেতর পুরাতন কাপড়ের নিচে নীল পলিথিন ও কসটেপে মোড়ানো বারোটি প্যাকেট পাওয়া যায়।

উদ্ধার করা এই গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লক্ষ চল্লিশ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মাদক ব্যবসার সাথে সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।