বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

কুড়িগ্রামে ১০ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১০, ২০২৬, ১১:৫৬ পিএম

কুড়িগ্রামে ১০ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

কুড়িগ্রামের নাগেশ্বরী থানায় বিশেষ অভিযান পরিচালনা করে দশ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ মো. মাহবুবুল নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নাগেশ্বরী পৌরসভার ঠুটাপাইকর এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও স্থানীয় জনতার যৌথ তৎপরতায় খালের কচুরিপানার নিচ থেকে ওই কারবারিকে আটক করা হয়।

পালানোর চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি, কচুরিপানার নিচ থেকে তাকে পাকড়াও করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ফুলবাড়ি থেকে নাগেশ্বরী হয়ে কুড়িগ্রামের দিকে মোটরসাইকেলে মাদক বহন করে নিয়ে যাওয়া হচ্ছিল। এই তথ্যের ভিত্তিতে নাগেশ্বরী থানার একটি চৌকস দল ঠুটাপাইকর নামক স্থানে চেকপোস্ট বসিয়ে অবস্থান নেয়। সন্দেহভাজন ওই কারবারি মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে পৌঁছামাত্র পুলিশের উপস্থিতি বুঝতে পেরে গাড়ি ফেলে পাশের খালের পানিতে ঝাঁপ দেয় এবং কচুরিপানার নিচে লুকিয়ে আত্মগোপন করার চেষ্টা চালায়।

পরবর্তীতে পুলিশ ও স্থানীয় জনতা প্রায় এক ঘণ্টা ধরে ওই খালে চিরুনি তল্লাশি চালিয়ে কচুরিপানার নিচ থেকে তাকে আটক করতে সক্ষম হয়। তল্লাশি করে মোটরসাইকেলে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা দশ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মো. মাহবুবুল ফুলবাড়ি উপজেলার বিদ্যাবাগিশ এলাকার বাসিন্দা।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক প্রধান জানান, এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলছে। নাগেশ্বরী থানাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে এই ধরনের জোরালো অভিযান অব্যাহত রাখা হবে বলে জানান তিনি।